পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
ডেবরা কাণ্ড ও তোলাবাজি অভিযোগ নিয়ে মুখ খুললেন বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস, দাবি উচ্চপর্যায় তদন্তের
By -Sabyasachi November 07, 2026
Share:
ডেবরা কাণ্ড এবং দলীয় বিধায়কের হেনস্থা ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোলের মাঝেই এবার মুখ খুললেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেবরায় বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ এবং রাবণ দহন উৎসবের বিতর্ক—প্রতিটি বিষয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
ডেবরার ঘটনা প্রসঙ্গে তন্ময় বাবু বলেন, “ঘাটাল কাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ বিধায়ক যে কথা বলছেন, তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।” তিনি প্রশ্ন তোলেন, বিধায়ককে ঘিরে যেখানে সবসময় দুজন দেহরক্ষী থাকেন এবং তাঁদের গায়ে যখন একটা আঁচড় পর্যন্ত পড়েনি, তখন একজন বিধায়ককে কীভাবে এমন হেনস্থা ও মারধরের শিকার হতে হলো? এই ঘটনার নেপথ্যের সত্যতা সামনে আনতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি। জেলা সভাপতি জানান, ঘটনার কথা ইতিমধ্যেই দলকে জানানো হয়েছে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা ইনচার্জ ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে এসে কর্মীদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছেন। খুব শীঘ্রই আসল সত্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতালে পৌঁছানোর পর মিছিল থেকে তাঁর পদত্যাগের দাবি তোলার বিষয়ে তন্ময়বাবু জানান, “আসল উদ্দেশ্যটা কী, তা আমার কাছে পরিষ্কার নয়।” তবে তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “অনেকেই তোলা তোলার চেষ্টা করছে, কিন্তু আমার বাধার কারণে তারা তা করতে পারছে না। সম্ভবত সেই কারণেই জেলা সভাপতিকে সরিয়ে দিলে তাদের পথ সুগম হবে বলে মনে করছে।”
দুর্গাপুজো ও রাবণ দহন নিয়ে চলা বিতর্কের জবাব দিয়ে জেলা সভাপতি স্পষ্ট জানান, তিনি পুজোর সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারেন পুজোর জন্য কারও কাছে জোর করে চাঁদা চাওয়া হয়নি। রাবণ দহনে তাঁকে পৃষ্ঠপোষক রাখা হয়েছিল। একটি অনুষ্ঠান করতে গেলে সাম্মানিক সাহায্য নিতে হয়, তবে রাবণ দহন উপলক্ষে কাউকেই জোর করে চাঁদা আদায় বা তোলাবাজি করতে হয়নি এবং এ নিয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগও করেনি।
দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বলতে গিয়ে তন্ময়বাবু বলেন, “আমি একটি দায়িত্বপূর্ণ পদে আছি। আমার কাছে প্রত্যেকটি কর্মী সমান। বিধায়ক যেমন দলের একজন প্রতিনিধি, তেমনই একটি বুথ সভাপতিও একজন কর্মী। দল আমাকে দায়িত্ব দিয়েছে সবার রক্ষণাবেক্ষণ করতে ও সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে।” বিধায়কের সঙ্গে কথা বলতে তিনি সর্বদা প্রস্তুত বলে জানান। সেই সঙ্গে তাঁর আর্জি, “পরিবারের ভেতরের ঝামেলা রাস্তায় না নামিয়ে, বাড়ির সমস্যা বাড়ির মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত।” খুব শীঘ্রই এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস।