Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

দমদম পার্কের নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, উদ্ধার পচা মাংস।

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
দমদম পার্কের নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, উদ্ধার পচা মাংস।
কলকাতা: রাজ্যজুড়ে হোটেল ও রেস্তোরাঁয় খাদ্যের মান এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার দমদম পার্কের একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এল।

শনিবার দমদম পার্কের ‘আর্সেনাল’ নামের ওই রেস্তোরাঁয় যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, দক্ষিণ দমদম পৌরসভা এবং নাগেরবাজার থানার পুলিশ। অভিযানের সময় রেস্তোরাঁর ফ্রিজ থেকে পচা মাংস উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযানকারী আধিকারিকদের নজরে আসে, খাবারে ব্যবহৃত কয়েকটি মশলায় কৃত্রিম রঙের উপস্থিতি রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রান্নার কাজ চলছিল। এমনকি থালা-বাসন ধোয়ার জায়গার পাশেই খাবার প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।

অভিযানের পর রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার ও মশলার নমুনা সংগ্রহ করেছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সংগৃহীত নমুনা পরীক্ষার পরই খাবারে ব্যবহৃত উপকরণের গুণমান এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে ঘিরে রেস্তোরাঁর খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংগৃহীত নমুনার পরীক্ষার রিপোর্ট এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

খাদ্যের গুণমান ও নিরাপত্তা নিয়ে যখন রাজ্যজুড়ে নজরদারি চলছে, তখন দমদম পার্কের এই অভিযান ফের রেস্তোরাঁয় খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সামনে নিয়ে এল।।।।