পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
কলকাতা: রাস্তায় বেরোলেই ছিনতাইয়ের আতঙ্ক। পকেট থেকে গায়েব হয়ে যাচ্ছে মোবাইল ফোন, নগদ টাকা, এমনকী ব্যাগও! এক-আধদিন নয়, উত্তর কলকাতার সোনাগাছিতে প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটি। অভিযোগ জানিয়েও সুরাহা মিলছে না বলে দাবি স্থানীয়দের। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসার ওপর—ক্রমশ কমছে গ্রাহকদের আনাগোনা, যার ফলে পুজোর মুখেও চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সোনাগাছির হাজার হাজার যৌনকর্মী।
শোভাবাজারের সোনাগাছি এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লি। এখানে প্রায় সাত হাজারেরও বেশি যৌনকর্মী স্থায়ীভাবে বসবাস করেন। এছাড়া প্রতিদিন আরও আড়াই থেকে তিন হাজার যৌনকর্মী এখানে যাতায়াত করেন। করোনা অতিমারির সময় ২০২০ সালের লকডাউন থেকেই এখানে গ্রাহকের সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছিল। তবে সম্প্রতি ছিনতাইকারী চক্রের বাড়বাড়ন্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র ও যৌনকর্মীদের একাংশের অভিযোগ, গত কয়েক মাস ধরে সোনাগাছিতে গ্রাহকদের ডেকে এনে তাঁদের কাছ থেকে টাকা ও সোনার গয়না ছিনতাই করে নেওয়া হচ্ছে। এলাকার কিছু অসাধু লোক ও কিছু যৌনকর্মী একজোট হয়ে এই চক্র চালাচ্ছে। গ্রাহকরা এলাকায় ঢোকামাত্রই তাঁদের ঘিরে ধরে হেনস্তা ও লুটপাট চালানো হচ্ছে। এর ফলে ভয়ে সোনাগাছিমুখী হতে চাইছেন না গ্রাহকরা।
এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’। কমিটির সচিব বিশাখা লস্কর জানান, “একটা নির্দিষ্ট চক্র দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করছে। ইদানীং তা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। সব যৌনকর্মী এই কাজের সঙ্গে যুক্ত নন, মাত্র কয়েকজনের জন্য বাকি সবার রুজিরুটিতে টান পড়ছে। প্রায় ৫০ শতাংশ গ্রাহক কমে গিয়েছে।” তিনি আরও জানান, এই চক্রটির বিষয়ে একাধিকবার স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সোনাগাছিতে এই ছিনতাইয়ের ঘটনা তাদের অজানা নয়। তবে অভিযোগ, ঘটনার শিকার হওয়া গ্রাহকরা সামাজিক লোকলজ্জার ভয়ে সরাসরি থানায় এসে লিখিত অভিযোগ জানাতে চান না। ফলে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পুলিশকে।
সামনেই দুর্গাপুজো—বছরের এই সময়টায় সাধারণত সোনাগাছিতে বাড়তি উপার্জনের সুযোগ থাকে যৌনকর্মীদের। কিন্তু দুষ্কৃতীদের তান্ডব ও নিরাপত্তার অভাবে পুজোর মুখেও এলাকা প্রায় খাঁ-খাঁ করছে। যৌনকর্মীদের স্পষ্ট দাবি, অতি দ্রুত এই ছিনতাই চক্র বন্ধ করে গ্রাহকদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত না করা গেলে আগামী দিনে তাঁদের জীবিকা সম্পূর্ণরূপে সংকটের মুখে পড়বে।