Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

চোখে আলো নেই, বুক জুড়ে বিশ্বাস! মালদহের দৃষ্টিহীন মুকুন্দ ঘরামির একক দুর্গাপুজো তাক লাগাচ্ছে সকলকে

 -Sabyasachi By -Sabyasachi October 06, 2026
চোখে আলো নেই, বুক জুড়ে বিশ্বাস! মালদহের দৃষ্টিহীন মুকুন্দ ঘরামির একক দুর্গাপুজো তাক লাগাচ্ছে সকলকে
চোখে আলো নেই, পকেটেও নেই বিত্ত, কিন্তু মনের জোর আর বুকভরা বিশ্বাসে ভর করে এক অনন্য ইতিহাস গড়ে চলেছেন মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের নন্দিনাদহ এলাকার বাসিন্দা মুকুন্দ ঘরামী। কোনো পুরোহিত ছাড়াই, মন্ত্রোচ্চারণ বা জাঁকজমক ছাড়া বিগত প্রায় ৪০-৫০ বছর ধরে নিজের হাতে একা মা দুর্গার পুজো করে চলেছেন এই দৃষ্টিহীন মানুষটি। তাঁর এই জীবনকাহিনি যেন বিশ্বাস ও ভক্তির এক অন্য অধ্যায়।

ছোটবেলায় এক অসুস্থতার কারণে চিরতরে চোখের আলো হারিয়েছেন মুকুন্দবাবু। নিজের চোখে কখনও তিনি বাড়ির মা দুর্গার প্রতিমার রূপ দেখতে পাননি। কিন্তু আর্থিক অনটনের মধ্যেও তাঁর জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা।

আজ থেকে প্রায় পাঁচ দশক আগে এক রাতে তিনি স্বপ্ন দেখেন, মা দুর্গা তাঁর কাছে এসে পুজো করার নির্দেশ দিয়েছেন।
মুকুন্দবাবু স্বপ্নে মাকে বলেছিলেন, “আমি তো চোখে দেখতে পাই না মা, উপার্জনের কোনো পথও নেই। কীভাবে তোমার পুজো করব?” উত্তরে দেবী তাঁকে আশ্বস্ত করেছিলেন যে, বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই, কেবল জল আর ফুল দিলেই চলবে। সেই দেবীর নির্দেশ পাওয়ার পর থেকেই শুরু হয় তাঁর দুর্গাপুজো।

প্রথম দিকে গ্রামের মানুষ সেভাবে পাশে দাঁড়াননি, প্রতিমা তৈরির মতো আর্থিক সামর্থ্যও তাঁর ছিল না। কিন্তু মায়ের প্রতি অগাধ বিশ্বাসে তিনি অবিচল ছিলেন। মুকুন্দবাবুর দাবি, ঠিক সেই সময়েই এক মৃৎশিল্পী হঠাৎ তাঁর বাড়িতে এসে উপস্থিত হন এবং মায়ের আদেশ রয়েছে জানিয়ে প্রতিমা তৈরি করে দেওয়ার কথা বলেন। পরবর্তীতে স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের নানা জায়গায় ঘুরে সামান্য অর্থ সংগ্রহ করে তিনি পুজো চালিয়ে যান। বর্তমানে তাঁর বাড়িতে রয়েছে কংক্রিটের তৈরি মা দুর্গার মূর্তি, যা স্বপ্নের নির্দেশেই এক শিল্পী তৈরি করে দিয়েছিলেন।

চোখে দেখতে না পেলেও মুকুন্দবাবুর কাছে মায়ের প্রতিমা একেবারে স্পষ্ট। হাত দিয়ে প্রতিমা স্পর্শ করেই তিনি অনুভব করেন তাঁর আরাধ্য দেবীকে। এই পুজোয় নেই কোনো পুরোহিতের মন্ত্রোচ্চারণ বা বড় আয়োজন। নিজের মতো করে জল, ফুল আর ভক্তি দিয়েই তিনি পুজো করেন। তবে পুজোর ক'দিন চণ্ডীপাঠ করার জন্য কেবল একজন ব্যক্তি আসেন।

মুকুন্দবাবুর পুজোর নিষ্ঠা আরও অবাক করার মতো। তিনি পুজোর এই ক'দিন কোনো অন্নগ্রহণ করেন না, কেবল জল ও শরবত খেয়ে মায়ের সেবা করে কাটান। বর্তমানে সংসারে স্ত্রী ছাড়া তাঁর এক ছেলে ভিনরাজ্যে কাজ করেন এবং মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্বামী-স্ত্রী দুজনে মিলেই পরম যত্নে মায়ের সেবা করে চলেছেন।

দৃষ্টিহীনতা কিংবা চরম দারিদ্র্য—কোনো কিছুই মুকুন্দ ঘরামীর ভক্তি ও বিশ্বাসকে ম্লান করতে পারেনি। বিশ্বাসের আলোয় আলোকিত তাঁর জীবন প্রমাণ করে দেয় যে, ঈশ্বরের আরাধনার জন্য জাঁকজমক নয়, লাগে কেবল নির্মল ভক্তি।