Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

মেদিনীপুর সফর থেকে তোপ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 22, 2026
মেদিনীপুর সফর থেকে তোপ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের
মেদিনীপুর:
মেদিনীপুর সফরে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। জেলায় পৌঁছেই জাতীয় নিরাপত্তা, সীমান্ত অনুপ্রবেশ, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি এবং শহরের অগ্নিনিরাপত্তার মতো একাধিক বিষয়ে রাজ্যজুড়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে শাসকদলকে বিঁধেছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, বালাকোট কিংবা পুলওয়ামা হামলার মতো সংবেদনশীল আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে দেশের পাশে না দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা পাকিস্তানের সুরেই কথা বলেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, "বিগত ১৫ বছর ধরে শুধুমাত্র নিজেদের ভোটব্যাংক রক্ষা করার স্বার্থেই তৃণমূল স্লিপার সেল, উগ্রপন্থী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে আসছে।" বর্ডার ফেনসিং বা সীমান্তে বেড়া দেওয়ার কাজে স্থানীয় পঞ্চায়েত প্রধানদের তৈরি করা ভুয়ো নথিপত্র এবং বিএসএফের একাংশের গাফিলতিকে কাজে লাগানো হয়েছে বলেও তোপ দাগেন তিনি।
এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের প্রতি মন্ত্রীর বার্তা, "পাড়ায় বা এলাকায় কোনো নতুন মহিলা বা সন্দেহভাজন ব্যক্তির অস্বাভাবিক গতিবিধি নজরে এলেই অবিলম্বে স্থানীয় থানায় খবর দিন। নাগরিক হিসেবে এটি সবার দায়িত্ব।"

উল্লেখ্য, রাজ্যের সীমান্ত সুরক্ষা ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথাও নিশ্চিত করেন তিনি।

শিক্ষাঙ্গন ও বিনোদন জগতের দলীয়করণ নিয়ে উষ্মা প্রকাশ করে মন্ত্রী স্পষ্ট জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং টলিউডকে রাজনীতির একদম বাইরে রাখা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিবাম ছাত্র রাজনীতিকে নিশানা করে তিনি বলেন, ছাত্র স্বার্থের নামে সেখানে কাশ্মীরের আজাদী নিয়ে দেশবিরোধী কথাবার্তা বরদাস্ত করা হবে না। ছাত্রদের সুরক্ষা ও ভবিষ্যৎ বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব যে ভারতের বাজারেও পড়ছে, তা মেনে নিয়ে পুরমন্ত্রী জানান, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংকটের কারণেই বর্তমানে তেলের দাম ঊর্ধ্বমুখী।

রাজ্যসহ মেদিনীপুর শহরের একাধিক মল, নার্সিংহোম ও বহুতল ভবনে সঠিক ফায়ার লাইসেন্স না থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে এবং অভিযান চালাতে বিশেষ দল ময়দানে নেমেছে। নির্ধারিত নিয়ম ও SOP না মানলে কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না, সরাসরি ভবন বা প্রতিষ্ঠান সিল করে দেওয়া হবে। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ নিতে ‘মুখোমুখি মন্ত্রী’ কর্মসূচির মাধ্যমে ফোন করারও আহ্বান জানান তিনি।