হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা এই আসনে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে হাসিরানি রথকে। তিনি শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা।
মঙ্গলবার সকালে মনোনয়ন পেশের পূর্বে রেয়াপাড়া সিদ্ধিনাথ শিব মন্দির ও জানকীনাথ মন্দিরে পুজো দেন হাসিরানি রথ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুজো শেষে হাসিরানি রথ বলেন, "দল আমাকে প্রার্থী করে বড় দায়িত্ব দিয়েছে। দলের সমস্ত কর্মী ও সমর্থকদের প্রতি আমার ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।"
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে গেরুয়া শিবির।হলদিয়ার কদমতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রায় ১ কিলোমিটার পথ অতিক্রম করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়।
এই মিছিলে প্রায় ২০ হাজার কর্মী-সমর্থক জমায়েত ছিলেন বলে দলীয় নেতাদের দাবী। শোভাযাত্রা শেষে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র পেশ করেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।
১৯৯৮ সাল থেকে রাজনীতিতে সক্রিয় থাকা এবং পঞ্চায়েত স্তরে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হাসিরানি রথের। শুভেন্দু অধিকারীর এই আসন ধরে রাখার লড়াইয়ে প্রয়াত চন্দ্রনাথের মা-কে সামনে রেখেই নির্বাচনী ময়দানে ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি।