Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 11, 2026
চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও
মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গেই শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক।

রাজ্যে যে সব সামাজিক প্রকল্প চালু রয়েছে, তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কি না। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যে সব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, এখনও তা পাবেন। তবে কারা পাবেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, মৃত বা ভারতীয় নন, এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।

সোমবার শুভেন্দু বলেন, ''চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না।'' তার পরেই তিনি বলেন, ''আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়েও আমরা বলেছি। সেটা ৩০ বছর আগের হতে পারে বা ১০ বছর আগের হতে পারে— কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না।'' এর পরেই শুভেন্দু বলেন, ''পোর্টালগুলি আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলে।'' তাঁর কথায়, ''সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অ-ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না।''

বিধানসভা ভোটের আগে প্রচার পর্বে তৃণমূল বার বার দাবি করেছে, বিজেপি ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভান্ডার', 'যুবসাথী'-র মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বেই জানিয়ে দিয়েছিল, সে রকম হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে সঙ্কল্পপত্র প্রকাশ করে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের পয়লা থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে (অন্নপূর্ণার ভান্ডার)। সেই সঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন ২১ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৬টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন ৫০ হাজার টাকা ('কন্যাশ্রী'র পাল্টা) দেওয়া হবে। এ বার ক্ষমতায় এসে শুভেন্দুর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন, ওই সব সুবিধা বন্ধ হচ্ছে না। তবে যাঁরা ভারতীয় নন, তাঁরা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে, তিনি অনুপ্রবেশকারীদের দিকেই ইঙ্গিত করেছেন।

সেই সঙ্গে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তাঁদের দফতর অবশ্য এখনও বণ্টন করা হয়নি। ছিলেন বেশ কয়েকটি দফতরের সচিব এবং আধিকারিকেরাও।