মেদিনীপুরের একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য রাজনীতি ও সাম্প্রতিক একাধিক ইস্যু নিয়ে চাঁছাছোলা ভাষায় তৃনমূলকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের অবস্থান থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ড এবং শিশু হেনস্তার ঘটনা— প্রতিটি বিষয়েই নিজস্ব ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন তিনি।
তৃণমূলের অন্দরে ফাটল ও অনুব্রত মণ্ডল প্রসঙ্গে দিলীপ ঘোষের স্পষ্ট দাবি, "মমতার সঙ্গ ছেড়েছে অনুব্রত।" তৃনমূলকে বিঁধে তিনি বলেন, "এখানে পার্টিটাই শেষ হয়ে গেছে, আর শিবিরের কী আছে! ওদের নিজস্ব ঝগড়া, ওরাই মেটাক।"
মেদিনীপুর মেডিকেল কলেজে চাঞ্চল্যকর স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তর পাঁচজনকে শোকজ করার পর মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, "এতদিন এই সমস্ত অপকর্ম করলে কোনো সাজা হতো না। উল্টে বাঁচানোর চেষ্টা হতো, কারণ এর পেছনে থাকতো নেতা-মন্ত্রীরা।" তবে এবার পরিস্থিতি বদলেছে দাবি করে তিনি বলেন, "এবার সমস্ত অপকর্মের বিচার হবে।
রাজ্যে আয়ুষ্মান ভারতের পাশাপাশি 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা' চালু হওয়া নিয়ে তিনি বলেন, একহাত নেন তিনি। "পশ্চিমবঙ্গ সব দিক থেকেই পিছিয়ে গিয়েছে, গরিব হয়ে গিয়েছে। আমাদের কাছে চিকিৎসার পয়সা নেই। মানুষ যাতে বঞ্চিত না হয়, সেই জন্যই বাধ্য হয়ে রাজ্য সরকার এই নয়া প্রকল্প নিয়ে আসছে।"
মেদিনীপুরের একটি বেসরকারি পাবলিক স্কুলে ৬ বছরের শিশুকে এক অস্থায়ী কর্মীর যৌন হেনস্তা করার অভিযোগ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "এ ধরনের সামাজিক অপরাধ অনেকদিন ধরেই বাড়ছে। তবে এখন পুলিশ সক্রিয় হচ্ছে।" এই ধরনের স্পর্শকাতর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, "স্কুল কর্তৃপক্ষের এ বিষয়ে যথেষ্ট সক্রিয় হওয়া উচিত, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে।"