রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
ঝাড়গ্রাম সফরে এলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
জঙ্গলমহলের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ঝাড়গ্রাম সফরে এলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জেলায় পৌঁছেই প্রথমে তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকদের কাছ থেকে উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। আগামী দিনে খেলোয়াড়দের জন্য আরও আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা করেন তিনি।
এরপর মন্ত্রী স্টেডিয়াম সংলগ্ন বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে যান। সেখানে প্রশিক্ষণরত তীরন্দাজদের সঙ্গে কথা বলে তাঁদের প্রশিক্ষণ ব্যবস্থা, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। অ্যাকাডেমির সামগ্রিক পরিকাঠামোও ঘুরে দেখেন তিনি।
মন্ত্রীের সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ, অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত সাঁতরা এবং জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকরা।
এদিন জেলায় ক্রীড়ামন্ত্রীকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়।
পরিদর্শনের পর মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, দীর্ঘদিন জঙ্গলমহল ক্রীড়াক্ষেত্রে অবহেলিত ছিল। অথচ এই এলাকার বহু প্রতিভাবান ছেলে-মেয়ে রয়েছে। তাঁদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার উদ্যোগী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে ৪০০ মিটার অ্যাথলেটিক ট্র্যাক, নয়াগ্রামে মহিলা ফুটবল অ্যাকাডেমি এবং জেলার চারটি বিধানসভায় আধুনিক ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব রাজ্য ক্রীড়া দপ্তরে এসেছে। সেই প্রস্তাবগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে, বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ না পাওয়ার অভিযোগও উঠে আসে। বর্তমানে অ্যাকাডেমিতে ৩৮ জন তীরন্দাজ প্রশিক্ষণ নিচ্ছেন। ঝাড়গ্রামের প্রতিভাবান ছেলে-মেয়েদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের দাবির বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, পরিদর্শনের শেষে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিতে একাধিক অনিয়ম ও ভুল কার্যক্রম চলছে, যার চিত্র এদিনের পরিদর্শনে সামনে এসেছে। তিনি জানান, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যদি কোনও অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলে, তাহলে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না।