পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
খড়্গপুর টাউন থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী : পরিবারের আত্মত্যাগ ও আইন মেনে উৎসব পালনের কড়া বার্তা জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার
By -Sabyasachi October 29, 2026
Share:
পুজোয় একটানা ডিউটির ক্লান্তি ভুলে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে খড়্গপুর টাউন থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। খড়্গপুরের ট্রাফিক গোলখুলি দুর্গা মন্দির সংলগ্ন ময়দানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ ডাঙ্গি, খড়্গপুর টাউন থানার আইসি অমিত মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা পুলিশ কর্মীদের পরিবারগুলির উদ্দেশ্যে বলেন, "আমাদের সব কর্মী পুজোর সময় টানা ডিউটি করেন, ফলে তারা তাঁদের পরিবারকে সময় দিতে পারেন না। তাই আজ আমরা প্রত্যেকের পরিবারকে নিয়ে এই বিজয়া সম্মেলনী সেলিব্রেশন করছি।"
পরিবারগুলির আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, "ওনারা পুজোর সময় আপনাদের সময় দিতে পারে না, পাশে থাকতে পারে না; কিন্তু আপনাদের সময় না দিলেও ওঁরা যে কাজটা করেন, তা সমাজকে সময় দেয় এবং মানুষকে নিরাপদে রাখে। এই কাজটা অনেক বড়।" বিজয়া সম্মেলনের প্রেক্ষাপটে এমন একটি সুন্দর আবহ তৈরি করে দেওয়ার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সামনেই কালীপুজো ও দীপাবলি। এই উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ রক্ষায় কড়া বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি জানান, আগামীকাল এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সেখানেই কোন ধরনের বাজি ব্যবহার করা যাবে এবং কত ডেসিবেল পর্যন্ত বাজি ফাটানো যাবে, সে বিষয়ে পরিষ্কার নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে।
আইন অমান্যকারীদের সতর্ক করে পুলিশ সুপার স্পষ্ট বার্তা দেন, "আইন ভাঙার মধ্যে কোনো বাহাদুরি নেই। আইন মেনে আপনারা আনন্দ করবেন, আর আমরা আপনাদের পাশে থেকে সব রকম পরিষেবা দেব।" পাশাপাশি, বেআইনিভাবে বাজি তৈরি এবং বেআইনিভাবে বাজি মজুদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন তিনি।
এদিনের বিজয়া সম্মেলনীতে পুলিশ সুপার কর্মীদের সাথে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে খড়্গপুর টাউন থানার আইসি অমিত মিত্র পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। পুলিশকর্মী এবং তাঁদের পরিবারগুলির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মনোরম পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।