Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

রাজ্যে পঞ্চম এনকাউন্টার! শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় ধৃত রতন শেখের মৃত্যু

 -Sabyasachi By -Sabyasachi November 15, 2026
রাজ্যে পঞ্চম এনকাউন্টার! শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় ধৃত রতন শেখের মৃত্যু

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় ধৃত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। রবিবার দুপুরে তাঁর গ্রেপ্তারির খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টারের ঘটনা ঘটে। নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? একই সঙ্গে ধর্ষক ও খুনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে প্রান্তিক আউটপোস্ট থেকে সাদা পোশাকে বাইকে চেপে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে নাগালে পেয়ে যাওয়ার পরই সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় সে। গুলি লাগে ওই পুলিশকর্মীর পায়ে।

গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময় তিনি বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।”

এর পর রবিবার দুপুরে রতন শেখকে গ্রেপ্তার করা হয় বলে খবর সামনে আসে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার এলাকায় এনকাউন্টারটি ঘটে বলে জানা যাচ্ছে। যদিও কী পরিস্থিতিতে পুলিশের গুলি চলে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।”

উল্লেখ্য, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়ে আসছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, অপরাধীরা ছাড় পাবে না। সেই প্রসঙ্গ টেনে রাজনৈতিক মহলের একাংশের মতে, শান্তিনিকেতনের ঘটনার পর মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থানকেই সামনে আনছে। সূত্রের দাবি, রাজ্যে পালাবদলের পর এই নিয়ে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।