পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা
By -Sabyasachi November 15, 2026
Share:
জঙ্গলের মাঝে কালো পিচের রাস্তা এবং দু’পাশে মাথা তুলেছে শাল-পিয়ালের সারি—এমন নৈসর্গিক দৃশ্যের মাঝে নিজেদের ক্যামেরাবন্দি করতে কে না ভালোবাসেন! ঝাড়গ্রামের লোধাশুলি থেকে শহর অভিমুখী রাস্তার দু’পাশে এমনই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রায়ই গাড়ি থামিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে ছবি তোলেন পর্যটকরা। তবে ব্যস্ত রাস্তায় এই ছবি তোলার জেরে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। সেই ঝুঁকি এড়াতে এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে বাঁদরভুলার শাল জঙ্গলে তৈরি হলো বিশেষ ‘সেলফি জোন’ বা নিজস্বী স্থান।
বন দপ্তরের উদ্যোগে তৈরি এই ‘সেলফি জোন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক লতিকান্ত সাউ। প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে বাঁশ ও শাল বল্লি দিয়ে এই সেলফি জোনটি নির্মাণ করা হয়েছে।
ঝাড়গ্রামের জঙ্গলমহলের এই রাস্তা এবং আশেপাশের জঙ্গলে অতীতে একাধিক জনপ্রিয় বাংলা সিনেমার শুটিং হয়েছে। সেই সূত্র ধরেই এখানে পর্যটকদের বাড়তি আকর্ষণ রয়েছে। পুজোতেও এই এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। সামনেই শীতের মরসুম, ফলে জঙ্গলমহলে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে। তার আগেই এই সেলফি জোন চালু হওয়ায় খুশি পর্যটক মহল।
বন দপ্তর সূত্রে জানা গেছে, লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রাস্তার দু'ধারের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে যাতে পর্যটকদের কোনো বিপদের মুখে না পড়তে হয়, সেই উদ্দেশ্যে মোট চারটি জায়গায় এমন সেলফি জোন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি এই উদ্যোগ জঙ্গলমহলে পর্যটনের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টমহল।