Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

দেওয়াল খোদাই করেই দেবী রূপ: ৪০০ বছরের ঐতিহ্য সামলে মীরবাজারের 'কাঁথ কালী' পূজায় ভক্তদের ভিড়

 -Sabyasachi By -Sabyasachi November 07, 2026
দেওয়াল খোদাই করেই দেবী রূপ: ৪০০ বছরের ঐতিহ্য সামলে মীরবাজারের 'কাঁথ কালী' পূজায় ভক্তদের ভিড়


বিসর্জন হয় না প্রতিমার, দেওয়ালে খোদাই করা মূর্তিতেই শত শত বছর ধরে পূজা পেয়ে আসছেন দেবী। মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মীরবাজারের 'শ্রীশ্রী কাঁথ কালীমন্দির'। প্রায় ৪০০ থেকে ৪৫০ বছরের পুরনো এই পূজা আজও নিজের স্থান, রীতি ও অগণিত মানুষের অগাধ লোকবিশ্বাস অক্ষুণ্ণ রেখে উদ্যাপিত হয়ে আসছে। দেওয়ালে (যা স্থানীয় ভাষায় 'কাঁথ' নামে পরিচিত) দেবীর অধিষ্ঠান থাকার কারণেই এই পূজার নাম হয়েছে ‘কাঁথ কালী’।

মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে এক ঐতিহাসিক জনশ্রুতি। প্রচলিত আছে, ডায়মন্ড হারবারের নুনগোলা এলাকার বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায় স্বপ্নে দেবীর আদেশ পান যে, তিনি মেদিনীপুরের মীরবাজারে অবস্থান করছেন। সেই স্বপ্নাদেশ পেয়ে নন্দগোপালবাবু মেদিনীপুরে এসে একটি অশ্বত্থ গাছের নীচে একদল ডাকাতকে তন্ত্রসাধনা করতে দেখেন। সেখানেই একটি ভগ্নপ্রায় দেওয়ালে তিনি খোঁজ পান স্বস্তিক চিহ্ন ও দেবীর খড়্গের। আজও সেই ঐতিহাসিক চিহ্নগুলি দেওয়ালে বিদ্যমান বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। পরবর্তীতে ওই দেওয়ালেই দেবীমূর্তি খোদাই করে শুরু হয় পূজা।
নেই বিসর্জনের রীতি, রং করা হয় প্রতি বছর
কাঁথ কালীবাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এখানে আলাদা করে মা কালীর মূর্তি তৈরি ও পূজাশেষে বিসর্জনের কোনো নিয়ম নেই। একই দেওয়ালে খোদাই করা মূর্তিতে প্রায় চার শতাব্দী ধরে ঐতিহ্য মেনে পূজা হয়ে আসছে। মূল দেওয়ালটির কোনো আধুনিক সংস্কার করা হয় না; কেবল প্রতি বছর কালীপূজার পূর্বে দেওয়ালে ও দেবীমূর্তিতে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়।

কালীপূজার দিন মন্দির চত্বরে ঢল নামে অগণিত ভক্তের। পূজা উপলক্ষে তৈরি করা হয় বিশাল আয়োজনের ভোগ—প্রায় দুই কুইন্টাল চাল ও ডাল মিশিয়ে প্রস্তুত করা প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। শুধু মেদিনীপুর শহরই নয়, দূরদূরান্ত থেকেও ভক্তরা আসেন মানত করতে ও মায়ের দর্শন পেতে।
মন্দিরের পুরোহিত শ্যামল ভট্টাচার্য, যিনি বিগত ৩০ বছর ধরে পূজার দায়িত্বে রয়েছেন, জানান, "এখানে মা অত্যন্ত জাগ্রত ও শান্তময়ী রূপেই পূজিত হন। বহু ভক্তের মনোবাসনা পূর্ণ হওয়ায় প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।"
অন্যদিকে পুজো কমিটির কোষাধ্যক্ষ সুমনজিত দে জানান, পূজাকে কেন্দ্র করে আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মীরবাজার এলাকা এখন উৎসবের আলোয় সাজো সাজো রব।