Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

স্বপ্নাদেশে থমকে যায় প্রতিমার আকার, মণ্ডপেই অদ্ভূত বিসর্জন: ফুলিয়ার ৫২ ফুটের ভবতারিণীকে ঘিরে উপচে পড়ছে ভিড়

 -Sabyasachi By -Sabyasachi November 07, 2026
স্বপ্নাদেশে থমকে যায় প্রতিমার আকার, মণ্ডপেই অদ্ভূত বিসর্জন: ফুলিয়ার ৫২ ফুটের ভবতারিণীকে ঘিরে উপচে পড়ছে ভিড়

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: নদিয়ার শান্তিপুর-ফুলিয়া অঞ্চলের পুজোর ঐতিহ্য সর্বজনবিদিত। কিন্তু ফুলিয়ার নতুনবুইচা নতুন সংঘের কালীপুজো যেন সব ঐতিহ্যকে ছাপিয়ে এক অনন্য অলৌকিকত্বের আবহ তৈরি করেছে। মা ভবতারিণী রূপে পূজিত এখানে প্রতিমার উচ্চতা নির্দিষ্টভাবে আটকে রয়েছে ৫২ ফুটে। শুধু তাই নয়, নদীতে নয়, মায়ের বিসর্জনও ঘটে মণ্ডপের ভিতরেই জল ঢেলে!
১৯৮৯ সাল থেকে পথচলা শুরু নতুনবুইচা এলাকার এই কালীপুজোর। সে সময় শান্তিপুর ও ফুলিয়ার বিভিন্ন প্রান্ত ধুমধাম করে পুজোয় মেতে উঠলেও, নতুনবুইচা এলাকায় সেভাবে বড় কোনও আয়োজন হতো না। এলাকার সেই অভাব ঘোচাতেই গ্রামবাসীরা একজোট হয়ে সূচনা করেন এই বারোয়ারি পুজোর। প্রথমে ছোট আকারের ভবতারিণী রূপে মায়ের আরাধনা শুরু হলেও, বছর বছর কিছুটা করে প্রতিমার আকার ও উচ্চতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্চতা বাড়াতে বাড়াতে ৬ বছরের মাথায় প্রতিমার উচ্চতা গিয়ে পৌঁছায় ৫২ ফুটে। কিন্তু এর পরই ঘটে এক অলৌকিক ঘটনা। ৬ বছরের মাথায় একদিন ভোরে হঠাৎ দেখা যায়, ৫২ ফুট উঁচু বিশালাকার প্রতিমাটি অলৌকিকভােব মাটির দিকে ঝুঁকে পড়তে শুরু করেছে। আকস্মিক এই ঘটনায় আতঙ্কে ও কান্নাকাটিতে ভেঙে পড়েন গ্রামের বাসিন্দারা।
ঠিক সেই মুহূর্তেই দেবীভক্ত এক গ্রামবাসী ছুটে এসে জানান, মা তাঁকে স্বপ্নে আদেশ দিয়েছেন—মায়ের উচ্চতা যেন আর না বাড়ানো হয়। স্বপ্নাদেশের পর থেকেই উচ্চতা বৃদ্ধি স্থগিত রাখা হয়। তারপর থেকে বিগত বহু বছর ধরে ৫২ ফুটের এই ভবতারিণী রূপেই পূজিত হয়ে আসছেন মা কালী।
দুর্গাপুজোর পর থেকেই শান্তিপুরের খ্যাতনামা মৃৎশিল্পীদের হাত ধরে শুরু হয়ে যায় প্রতিমা গড়ার কাজ। সুবিশাল আকার ও উচ্চতার কারণে মণ্ডপের ভিতরেই টানা দিনরাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তৈরি করেন এই ভবতারিণী প্রতিমা। মায়ের এই বিশালাকার রূপ ও প্রতিমার মহিমা দেখতে প্রতি বছরই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভিড় জমায় অসংখ্য মানুষ।
তবে শুধু উচ্চতা বা ইতিহাসই নয়, এই পুজোর বিসর্জনের রীতিতেও রয়েছে এক অভূতপূর্ব ব্যতিক্রম। ঐতিহ্যবাহী এই প্রতিমাকে কোনও পুকুর বা নদীতে বিসর্জন দেওয়া হয় না। পুজোর পর মণ্ডপেই পাইপ ও সেলো পাম্পের সাহায্যে টানা জল ঢেলে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ধীরে ধীরে প্রতিমার মাটি গলে মিশে যায় মণ্ডপেই। বিসর্জনের এই অদ্ভূত ও বিরল দৃশ্য দেখতেও মণ্ডপ চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়।
ঐতিহ্য, অলৌকিকতা আর নিষ্ঠার মেলবন্ধনে ফুলিয়ার নতুনবুইচার এই ৫২ ফুটের ভবতারিণী পুজো আজও অগণিত ভক্তের কাছে এক পরম বিশ্বাসের কেন্দ্রবিন্দু।