রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
দাঁতনের তুরকাতে রথের মেলা দেখতে এসে পুকুর থেকে উদ্ধার হল দুই যুবকের মৃতদেহ
By Reporter Sabyasachi July 17, 2026
Share:
রথের মেলার আনন্দ মুহূর্তের মধ্যেই শোকে পরিণত হল দাঁতন থানার তুরকা এলাকায়। রথের মেলা দেখতে এসে অস্বাভাবিক মৃত্যু হল দুই যুবকের। মেলা সংলগ্ন একটি পুকুর থেকে তাঁদের দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথের মেলা উপলক্ষে এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ দুই যুবককে খুঁজে না পাওয়ায় তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। পরে মেলা সংলগ্ন একটি পুকুরে তাঁদের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম পূর্ণচন্দ্র পট্টোনায়েক (৪৯), বাড়ি রাধাবল্লভপুর গ্রাম এবং বিশু টুডু (৩২), বাড়ি সাবড়া গ্রাম।
পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান, দুই যুবক সম্ভবত মদ্যপ অবস্থায় পুকুরে নেমেছিলেন। সেই সময় অসাবধানতাবশত জলে তলিয়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।এই মর্মান্তিক ঘটনায় রথের মেলার উৎসবের আবহ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তুরকা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।