পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ•পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন•রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী
By Reporter Sabyasachi July 20, 2026
Share:
সন্দীপ দাস, সাগর,দক্ষিণ ২৪ পরগনা:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম সাগরের রুদ্রনগরে বৃহৎ জনসভার আয়োজন করল সিপিআই(এম)। সাগর ব্লক এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেলে রুদ্রনগর বিডিও অফিসের সামনে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জী, সায়ন ব্যানার্জী, প্রাক্তন বিধায়ক মিলন পড়ুয়া, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী স্বপন সিংহ, সাগর এরিয়া কমিটির সম্পাদক বিধান দাস-সহ দলের একাধিক জেলা ও স্থানীয় নেতা।
সভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করে সমর্থকরা সমাবেশস্থলে পৌঁছান। আয়োজকদের দাবি, দীর্ঘদিন পর সাগরে সিপিআই(এম)-এর এত বড় জনসমাগমে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভা থেকে দলের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে ছিল— কোনও সামাজিক প্রকল্প থেকে গরিব মানুষের নাম বাদ না দেওয়া, বিকল্প পুনর্বাসন ছাড়া দোকান বা হকার উচ্ছেদ না করা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও হিংসা বন্ধ করা, সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা অতীত সরকারের দুর্নীতি, বর্তমান রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান, কৃষক সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাকও দেন।
জনসভায় বিপুল সংখ্যক সিপিআই(এম) কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ ঘিরে রুদ্রনগর এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা।