বাঁকুড়া:
খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের দোকানে ঝটিকা অভিযান চালাল প্রশাসন। জয়পুর ব্লকের বিডিও-র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সঙ্গে ছিল জয়পুর থানার পুলিশ এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা।
পর্যটনকেন্দ্র জয়পুরের একাধিক দোকানে হানা দিয়ে চরম অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখে চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের।
রাসায়নিক মেশানো হলুদ: অভিযানে দেখা যায়, রান্নায় যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হচ্ছে তাতে ক্ষতিকর রাসায়নিক মেশানো রয়েছে।
মেয়াদ উত্তীর্ণ পানীয়: একটি দোকান থেকে দেদার বিক্রি হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়। সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয় প্রশাসন এবং দোকানদারকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
দইয়ের ভাঁড়ের পাশে সাপ: একটি মিষ্টির দোকানের রান্নাঘরে ঢুকে আধিকারিকরা দেখেন, যেখানে সার দিয়ে দইয়ের ভাঁড় সাজানো রয়েছে, তার ঠিক পাশেই অবাধে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। রান্নাঘরে ছিল চরম অব্যবস্থা ও নোংরা পরিবেশ।
প্রশাসনের কড়া পদক্ষেপ: স্বাস্থ্যবিধি না মানায় ওই মিষ্টির দোকানের সমস্ত দই নষ্ট করে দেওয়া হয় এবং রান্নাঘরটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।
প্রশাসনের বার্তা: পর্যটনকেন্দ্র হিসেবে জয়পুরের গুরুত্ব অপরিসীম। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।