বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
শিক্ষক দিবসেই জলমগ্ন একাধিক স্কুল, প্লাবনের কবলে ঘাটাল পৌর এলাকা
By Reporter Sabyasachi September 05, 2026
Share:
শিক্ষক দিবসের পুণ্যলগ্নে যখন সারা রাজ্যজুড়ে চলছে গুরুপ্রণাম ও উদযাপনের আবহ, ঠিক তখনই চরম দুর্ভোগের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা এলাকায়। লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অংশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ভয়াবহ প্লাবনের জেরে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এলাকার শিক্ষা ব্যবস্থা। ঘাটাল পৌরসভা এলাকার মোট ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি জুনিয়র হাইস্কুল সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, কোথাও স্কুলের খেলার মাঠ ও বারান্দা, আবার কোথাও সরাসরি শ্রেণিকক্ষের ভেতরেও বন্যার জল ঢুকে পড়েছে। ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ, টেবিল ও চেয়ার জলের তলায় ডুবে রয়েছে। নিরাপত্তা ও পঠনপাঠনের অযোগ্য পরিবেশের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারেনি।
ছাত্রছাত্রীরা না আসতে পারলেও, শিক্ষক দিবসের এই বিশেষ দিনে কর্তব্যের টানে যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জল পেরিয়েই স্কুলে উপস্থিত হন। তবে পড়ুয়া শূন্য স্কুল ও চারপাশের এই জলমগ্ন দশা সকলেরই মন ভারাক্রান্ত করে তোলে।
স্থবির জনজীবন ও বানভাসি মানুষের দুর্দশা।
শুধু স্কুল চত্বরই নয়, শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌর এলাকা সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ প্লাবিত। জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি ও বিঘের পর বিঘে কৃষি জমি। থমকে থাকা এই বন্যার জলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা ও ডিঙ্গি।
কয়েকদিন ধরে চলা এই প্লাবনের কারণে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হলেও কবে এই দুর্ভোগ কাটবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ঘাটালবাসী।