Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ডেবরায় বেহাল রাস্তার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 08, 2026
ডেবরায় বেহাল রাস্তার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা
মৃন্ময় চক্রবর্তী, ডেবরা:

দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতের দাবিতে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিবান্দা অঞ্চলের জলিবান্দা থেকে নোলাগড়িয়া পর্যন্ত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলিবান্দা থেকে নোলাগড়িয়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
গ্রামবাসী সৌরভ মাইতি ক্ষোভ প্রকাশ করে জানান, "দীর্ঘ ২৫ বছর ধরে এই রাস্তায় কোনও কাজ হয়নি। রাস্তার বেহাল দশার কারণে মানুষ চলাচল করতে পারছে না। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে আমরা পঞ্চায়েত অফিসে তালা মেরেছি।"
অপর এক গ্রামবাসী বুলটি মণ্ডল বলেন, "ওই রাস্তায় দুটি স্কুল রয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। অসুস্থ রোগীদেরও সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।"

অন্যদিকে, এই বিষয়ে অঞ্চলের প্রধান সোনালী দত্ত জানান, "কিছু লোকজন এসে তালা লাগিয়েছে। ওনাদের সুনির্দিষ্ট দাবি কী, তা এখনও পর্যন্ত আমি জানি না। ওনারা এসে কথা বলুক। তবে 'পথশ্রী ৪' প্রকল্পের একটি বোর্ড পড়েছিল। সরকারের তরফে কাজ শুরু হলে এই রাস্তার কাজও শুরু হবে। তবে অবিলম্বে অঞ্চলের তালা না খোলা হলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।"