পুজো কমিটিগুলিকে এক লাখ টাকা অনুদান, ঘোষণা শুভেন্দুর, না-নিতে অনুরোধ বড় পুজোকে! বিসর্জনে নিষিদ্ধ করলেন ডিজে
By Reporter Sabyasachi
September 08, 2026
গোটা রাজ্যেই পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পুজোর সময় রাজ্যের কোথাও ডিজে বাজানো যাবে না।
এক লক্ষ টাকা করে অনুদান পাবে তারা, সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই সঙ্গে বড় পুজোর কমিটিগুলির কাছে একটি অনুরোধও করেন তিনি। জানিয়েছেন, তারা যেন সাহায্য না নেয়। তবে যে কমিটিগুলির এই টাকা ছাড়া পুজো করতে সমস্যা হবে, তাদের অনুদান দেওয়া হবে।
এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রীকেও। সেই সঙ্গে গোটা রাজ্যেই পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পুজোর সময় রাজ্যের কোথাও ডিজে বাজানো যাবে না। হবে না কার্নিভালও। অষ্টমীর দিন মদের দোকান বন্ধ থাকবে। এমনকি, পানশালাতেও মদ মিলবে না।
রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশ্ন উঠেছিল, নতুন সরকার কি পুজোয় অনুদান-ব্যবস্থা চালু রাখবে! পুজো কমিটিগুলির সঙ্গে সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে বসার কথা ঘোষণা হতেই তা নিয়ে জল্পনা বাড়ে। মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান, এ বারও অনুদান দেওয়া হবে। তবে সেই সঙ্গে একটি অনুরোধও তিনি করেন। মুখ্যমন্ত্রীর কথায়, ''আগে এক কর্মসূচিতে বলেছিলাম, যাদের (কমিটি) ছোট বাজেট, তাদের অনুদান দেব। আমি মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। যারা সক্ষম (বড় বাজেটের পুজো কমিটি), তাদের বলব, সরকারের অর্থনৈতিক সাহায্য না-নিতে। যাঁরা এই টাকা না হলে পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার এক লক্ষ টাকা দেবে সরকার।''
তার পরেই শুভেন্দু কটাক্ষ করেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ''পূর্বতন মুখ্যমন্ত্রী যা করছিলেন, ঠিক নয়। গত বার কত দিয়েছিলাম, এ বার তা হলে এক লাখ। সকালে মাছের বাজারে এ সব করি (আমরা)। ঠিক নয়।'' তিনি আরও বলেন, ''রাজ্যে ২৫ হাজার দিয়ে শুরু হয়েছিল অনুদান (দুর্গাপুজোর) দেওয়া। ১ লক্ষ ১০ হাজার টাকায় পৌঁছেছে। ভোটে লাভ হয়নি। অনেকেই নির্ভরশীল হয়ে গিয়েছে।''
মুখ্যমন্ত্রী যদিও এ-ও জানান, কী কী সুবিধা দেওয়া হবে পুজো কমিটিগুলিকে। তিনি জানান, সোমবার তাদের সঙ্গে বৈঠকের আগে রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন। কথা হয়েছে সিইএসসির তরফেও। কলকাতা-সহ গোটা রাজ্যের পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে তারা। দমকলের ছাড়পত্র নিতেও কোনও টাকা খরচ করতে হবে না পুজো কমিটিগুলিকে, জানিয়েছেন শুভেন্দু।
তবে এ বারের পুজো নিয়ে কিছু নিয়ম-নীতিও ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, অষ্টমীর দিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। পানশালাতেও মদ বিক্রি করা যাবে না। রাজ্যের কোনও পুজোয় ডিজে বাজানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ''মহরমের শোভাযাত্রা ছিল, বলেছি ডিজে বাজাবেন না। অস্ত্র নিয়ে মিছিল করতে দিইনি। সকলের সহযোগিতা নিয়েই করেছি সেটা। এ বার পুজোয় ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করছি। সহযোগিতা করবেন।''