যে গ্রামে এতদিন দুর্গাপুজোর ঢাক বাজেনি, সেই গ্রামেই এবার মহিলাদের হাত ধরে শুরু হতে চলেছে নতুন দুর্গোৎসব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথচক গ্রামে এতদিন কোনও দুর্গাপুজো হতো না। পুজোর অঞ্জলি দিতে গ্রামের মানুষকে যেতে হতো অনেক দূরে। এবার সেই আক্ষেপ মেটাতেই একজোট হয়েছেন গ্রামের মহিলারা।
‘রঘুনাথচক মহামায়া দুর্গোৎসব মহিলা কমিটি’-র উদ্যোগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে খুঁটিপুজো। শুরু হয়েছে প্রথম দুর্গাপুজোর প্রস্তুতি। তবে পুজো আয়োজন করতে প্রয়োজন অর্থের। আর সেই অর্থ জোগাড়ের ক্ষেত্রেও অভিনব উদ্যোগ নিয়েছেন মহিলারা।
উদ্যোক্তাদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ জন মহিলা প্রতি মাসে পাওয়া ৩ হাজার টাকা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজোর ফান্ডে অর্থ দেবেন। পাশাপাশি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহও শুরু হয়েছে। মহিলাদের এই উদ্যোগকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন গ্রামের পুরুষেরাও।
উদ্যোক্তাদের আশা, সকলের সহযোগিতা এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেলে এবার রঘুনাথচকে ধুমধাম করে অনুষ্ঠিত হবে গ্রামের প্রথম দুর্গাপুজো। ইতিমধ্যেই এই উদ্যোগকে ঘিরে গ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ।
এক মহিলা উদ্যোক্তার কথায়, তাঁদের এলাকায় সামনে-পেছনে কোথাও দুর্গাপুজো ছিল না। অঞ্জলি দিতে অনেক দূরে যেতে হতো। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমিয়ে নিজেদের গ্রামেই এবার মায়ের পুজোর আয়োজন করেছেন তাঁরা।
মহিলাদের এই উদ্যোগ শুধু একটি দুর্গাপুজোর সূচনা নয়, বরং নিজেদের ইচ্ছা, ঐক্য এবং উদ্যোগের মাধ্যমে একটি গ্রামের দীর্ঘদিনের আক্ষেপ পূরণের গল্প। এবার রঘুনাথচকে মা দুর্গার আগমনের অপেক্ষায় গোটা গ্রাম।