Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

বঙ্গ রাজনীতিতে পালাবদল: শপথের আগেই পিংলার মালিগ্রামে বিজেপির প্রতিবাদী মৌন মিছিল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 09, 2026
বঙ্গ রাজনীতিতে পালাবদল: শপথের আগেই পিংলার মালিগ্রামে বিজেপির প্রতিবাদী মৌন মিছিল
বাংলায় রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। জনমতের রায়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যের ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। কিন্তু এই জয়ের আবহেও বিষাদের ছায়া এবং চরম উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
নির্বাচন পরবর্তী হিংসার বলি হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। গত পরশু তাঁকে গুলি করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতের আত্মার শান্তি কামনায়, আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মালিগ্রামে একটি মৌন মিছিল করল বিজেপি।

এদিন বিকেলে মালিগ্রাম নতুন বাজার এলাকা থেকে এই প্রতিবাদী মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী বিজেপি নেতা-কর্মীদের প্রত্যেকের বুকে ছিল কালো ব্যাজ। মৌনভাবে তাঁরা গোটা মালিগ্রাম এলাকা পদক্ষিণ করেন। মিছিল শেষে নিহত চন্দ্রনাথ রথের আত্মার চিরশান্তি কামনায় নীরবতা পালন করা হয়।

মিছিলে উপস্থিত বিজেপি নেতাদের অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে। তাঁদের দাবি: তৃণমূল কংগ্রেস সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে হত্যা করেছে।

আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে এই ধরনের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতিকেই প্রকট করছে। বিজেপি নেতৃত্বের দাবি, যারা এক মায়ের কোল খালি করেছে, তাদের যেন দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হয়।

এদিনের এই প্রতিবাদী কর্মসূচির পুরোভাগে নেতৃত্ব দেন বিজেপি নেতা আশীষ মন্ডল, শম্ভু বেরা, রবীন্দ্রনাথ চন্দ, অলক জানা এবং মহিলা নেত্রী সবিতা মাইতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

আগামীকাল রাজ্যে নতুন সরকার শপথ নিতে চলেছে, তার আগে চন্দ্রনাথ রথের মৃত্যু এবং আজকের এই মৌন মিছিল ঘিরে পিংলা তথা জেলা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পিংলা থেকে সব্যসাচী গুছাইত-এর রিপোর্ট, আপনারা দেখছেন
দা নিউজ এক্সপ্রেস।