অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী
By Reporter Sabyasachi May 19, 2026
Share:
সন্দীপ দাস, কাকদ্বীপঃ
সাগরদ্বীপ থেকে কাকদ্বীপে পান নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পানবোঝাই ট্রলার। ঘটনাটি ঘটে রবিবার সকালে মুড়িগঙ্গা নদীর লট নম্বর ৮ সংলগ্ন এলাকায়। তবে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নদীতে পড়ে যাওয়া সকল যাত্রী ও শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সাগরদ্বীপের বিভিন্ন এলাকার পানচাষীরা ট্রলারে করে বিপুল পরিমাণ পান নিয়ে কচুবেড়িয়া ঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর ৮-এর উদ্দেশ্যে রওনা দেন। নদীপথে যাওয়ার সময় ট্রলারটি লট নম্বর ৮-এর কাছে বিদ্যুতের টাওয়ার সংলগ্ন একটি চড়ায় সজোরে ধাক্কা খায়। ধাক্কার জেরে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ট্রলারে থাকা কয়েকজন যাত্রী ও পানবোঝাই মাল নদীতে পড়ে যায়।
ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ট্রলারে থাকা মাঝি ও অন্যান্য যাত্রীদের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। নদীতে পড়ে যাওয়া সকলকে নিরাপদে উদ্ধার করে ফের ট্রলারে তোলা হয়। পাশাপাশি জলে পড়ে যাওয়া বেশ কিছু পানও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মুড়িগঙ্গা নদীর বিভিন্ন অংশে চর জেগে ওঠায় প্রায়শই নৌযান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে ভাটা ও জোয়ারের সময় নদীপথ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
যদিও এদিনের ঘটনায় কোনও প্রাণহানি না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পানচাষী ও ট্রলারে থাকা যাত্রীরা। বর্তমানে উদ্ধার হওয়া সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।