অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী
By Reporter Sabyasachi May 19, 2026
Share:
সন্দীপ দাস, নামখানা:
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকায় অমাবস্যার ভরা কোটালের জেরে ভয়াবহ নদীভাঙনের ঘটনা ঘটেছে। রবিবার সকালে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে জোয়ারের জল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতেই আচমকা নদীবাঁধের একাংশ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নদীর পাড়ঘেঁষা বসবাসকারী মানুষজন এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদীবাঁধের অবস্থা বেহাল ছিল। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অস্থায়ীভাবে মেরামতির কাজ করা হলেও তা জোয়ারের চাপে টিকতে পারেনি। ফলে অমাবস্যার ভরা কোটালের সময় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধের দুর্বল অংশ ভেঙে পড়ে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে ঈশ্বরীপুর ও সংলগ্ন এলাকা।
ঘটনার পর স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী ও পাকাপোক্ত নদীবাঁধ নির্মাণের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ ও ভরা কোটালের সময় এই ধরনের ভাঙনের ঘটনা ঘটে। এতে চাষের জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধুমাত্র অস্থায়ী মেরামতি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কংক্রিটের শক্তিশালী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর সুন্দরবন ও উপকূলবর্তী এলাকার নদীবাঁধ সংস্কার এবং স্থায়ী বাঁধ নির্মাণের ওপর জোর দেওয়া হবে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উপকূল এলাকার মানুষ অবহেলিত। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে।
আগামী দিনে আরও ভরা কোটাল ও দুর্যোগের আশঙ্কা থাকায় দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন ঈশ্বরীপুরের বাসিন্দারা।