সন্দীপ দাস, উস্তি:
দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত নাজরা গ্রামের ৭৪ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা আসিয়া বিবি এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ, তাঁর বড় ছেলে আসিফ মোকামি এবং পুত্রবধূ তাজমিনা বিবি মিলিতভাবে তাঁকে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে বেদখল করেছেন।
আসিয়া বিবির দাবি, তাঁর স্বামী জীবিত থাকাকালীন দেউলা স্টেশনের পাশে একটি ছোট দোকানঘর তাঁকে দিয়ে গিয়েছিলেন। সেই দোকানঘরেই তিনি সাইকেল গ্যারেজ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ওই আয় থেকেই চলত তাঁর ক্যান্সারের চিকিৎসা। কিন্তু বর্তমানে সেই দোকানঘরও দখল হয়ে গেছে বলে অভিযোগ তাঁর।
অসহায় এই বৃদ্ধা এখন দু’বেলা খাবারের জন্যও পথচলতি মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। তাঁর চিকিৎসার খরচ কিছুটা হলেও সামলাচ্ছেন ছোট ছেলে ও মেয়ের জামাইরা। তবে তাঁদেরও নিজস্ব সংসার রয়েছে। যতটা সম্ভব তাঁরা বৃদ্ধার পাশে দাঁড়াচ্ছেন বলে জানা গেছে।
নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারায় কার্যত ভেঙে পড়েছেন আসিয়া বিবি। শুক্রবার সকালে তিনি উস্তি থানার পাশাপাশি ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের কাছেও বড় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় সহানুভূতি ও ক্ষোভ দুই-ই ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, যে মা সন্তানদের জন্ম দিয়েছেন, সেই মাকেই কেন ভিটে ছাড়া হতে হচ্ছে?