পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ•পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন•রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •
বড়জোড়ার দেওচায় হাতির হামলায় যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
By Reporter Sabyasachi July 19, 2026
Share:
বাঁকুড়া জেলার বড়জোড়া থানার দেওচা এলাকায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম স্বপন মণ্ডল (৩৫)। তিনি বড়জোড়া এলাকার একটি হোটেলে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের দাবি, শনিবার রাতে হোটেলের কাজ শেষ করে প্রায় রাত ৯টা নাগাদ স্বপন মণ্ডল ফোন করে বাড়ির লোককে জানান যে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনে আর যোগাযোগ করা যায়নি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তিনি হয়তো নিরাপদেই নিজের বাড়ি দেজুরীতে পৌঁছে গিয়েছেন।
রবিবার সকালে খবর আসে, দেওচা এলাকার রাস্তার ধারে একটি মোটরসাইকেলের পাশে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বপন মণ্ডলকে মৃত অবস্থায় শনাক্ত করেন। তাঁদের অভিযোগ, এলাকায় ঘোরাফেরা করা বুনো হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওচা ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরেই একাধিক বুনো হাতির বিচরণ রয়েছে। বনদপ্তরও এলাকায় হাতির উপস্থিতির বিষয়টি নজরে রেখেছে বলে জানা যায়। যদিও স্বপন মণ্ডলের মৃত্যুর সঠিক কারণ এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বুনো হাতির উপদ্রব থেকে স্থায়ী সমাধানের দাবিতে বনদপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।