পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ•পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন•রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •
বাঁকুড়ার মাচানতলার সরকারি জমি ঘিরে প্রশাসনের তৎপরতা, হকার পুনর্বাসনের দাবি বিধায়কের
By Reporter Sabyasachi July 19, 2026
Share:
বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার মোড়ে সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বস্তি গড়ে ওঠার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে প্রশাসনিক তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা চললেও বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছান বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি দাবি করেন, সরকারি জমি অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং সেই জায়গাকে জনস্বার্থে ব্যবহার করতে হবে। তাঁর প্রস্তাব, পুজোর আগে শহরের বিভিন্ন রাস্তার ধারে বসা হকারদের এই সরকারি জমিতে পুনর্বাসন করা হলে একদিকে যেমন শহরের যানজট ও ফুটপাত দখলের সমস্যা কমবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও জীবিকা বজায় থাকবে।
বিধায়কের পরিদর্শনের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান বাঁকুড়ার জেলাশাসক। তিনি এলাকা ঘুরে দেখেন এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য পুনর্বাসন পরিকল্পনা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। কীভাবে পরিকল্পিতভাবে হকারদের স্থানান্তর করা যায় এবং একই সঙ্গে সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা যায়, তা নিয়ে প্রশাসন কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বিধায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ছিল, বিশেষ করে রাতের বেলায় মহিলাদের চলাচলে ভয় কাজ করত। অবৈধ কার্যকলাপ বন্ধ করে এলাকাকে নিরাপদ ও পরিচ্ছন্ন করে তোলার ওপর জোর দেন তিনি।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সরকারি জমিতে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বা নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা বরদাস্ত করা হবে না। পাশাপাশি হকারদের স্বার্থও যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। সব দিক বিবেচনা করে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।