রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
স্ত্রী-কন্যার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু! বকখালি থেকে ফেরার পথে অটো উল্টে পিষ্ট পর্যটক
By Reporter Sabyasachi July 14, 2026
Share:
সন্দীপ দাস, ফ্রেজারগঞ্জ:
উইকেন্ডের ছুটি কাটিয়ে বকখালি থেকে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্ত্রী ও একরত্তি কন্যার চোখের সামনেই যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটো উল্টে পিষ্ট হয়ে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার বিকেলে বকখালি থেকে অল্প দূরে ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হন অটোতে থাকা আরও কয়েকজন যাত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিপ্লব সরকার (৩৮)। তিনি কলকাতার যাদবপুরের মুকুন্দপুর এলাকার বাসিন্দা। শনিবার স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে বকখালিতে বেড়াতে এসেছিলেন তিনি। রবিবার বিকেলে ছুটি কাটিয়ে নামখানার উদ্দেশে একটি ব্যাটারিচালিত অটো ভাড়া করেন।
অভিযোগ, চালক-সহ মোট আটজন যাত্রী নিয়ে অতিরিক্ত গতিতে চলছিল অটোটি। বিপ্লববাবু চালকের পাশেই বসেছিলেন। ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে একটি বাঁক ঘোরার সময় অতিরিক্ত গতির জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই অটোটি উল্টে যায়। বিপ্লববাবু ছিটকে রাস্তায় পড়ে গেলে যাত্রীবোঝাই ভারী অটোটি তাঁর শরীরের ওপর গিয়ে পড়ে।
চোখের সামনে স্বামীর এই মর্মান্তিক পরিণতি দেখে ভেঙে পড়েন তাঁর স্ত্রী ও ছোট্ট কন্যা। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় বিপ্লববাবুকে ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অটোতে থাকা অন্যান্য আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটোটি আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একটি আনন্দঘন পারিবারিক ভ্রমণ মুহূর্তের মধ্যে পরিণত হল আজীবনের শোকে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।