কলাইকুন্ডায় বহু প্রতীক্ষিত ডোমেস্টিক এয়ারপোর্ট বা অভ্যন্তরীণ বিমানবন্দর চালুর প্রক্রিয়ায় এক বড়সড় অগ্রগতি ঘটল। গতকাল কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সঙ্গে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিমানবন্দর চালুর বিষয়ে বিমানবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিস ওম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী কিংকর অধিকারী, এক্স সার্ভিস ম্যান শিবু দাস, বিশ্বজিৎ ভূঁইয়া এবং মানস জানা। বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বালিচক গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্না পন্ডা।
বৈঠক প্রসঙ্গে সমাজকর্মী কিংকর অধিকারী জানান, "এয়ারফোর্সের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে অত্যন্ত পজিটিভ ও ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। কলাইকুন্ডাতে ডোমেস্টিক এয়ারপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে কিছু পদ্ধতিগত বিষয় রয়েছে। সেই নিয়মকানুন ও প্রক্রিয়াগুলো মেনে এগোলে, এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এয়ারফোর্স কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে।"
দীর্ঘদিন ধরেই মেদিনীপুর তথা জঙ্গলমহল সংলগ্ন এই এলাকায় একটি বাণিজ্যিক বা ডোমেস্টিক এয়ারপোর্ট চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। কলাইকুন্ডা বিমানঘাঁটিকে কেন্দ্র করে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলার মানুষও উপকৃত হবেন। পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও বাণিজ্যিক মানচিত্রে এক বিশাল বদল আসবে। গতকালকের এই বৈঠকের পর ডোমেস্টিক এয়ারপোর্ট চালুর সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।