দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন ল কলেজ মোড় এলাকার একটি খাবারের হোটেলে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেলের মালিক সকালে কড়াইয়ে তেল দিয়ে রান্নার কাজ করছিলেন। সেই সময় আচমকাই আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা আসবাবপত্র, রান্নার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং ফরিদপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, ফলে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।