Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

২৬ হাজার চাকরি বাতিলের আবহে শিক্ষিকার মৃত্যু, শোকস্তব্ধ পুরুলিয়া

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 18, 2026
২৬ হাজার চাকরি বাতিলের আবহে শিক্ষিকার মৃত্যু, শোকস্তব্ধ পুরুলিয়া
২৬ হাজার চাকরি বাতিলের আবহে শিক্ষিকার মৃত্যু, শোকস্তব্ধ পুরুলিয়া; মানবিক সমাধানের দাবিতে সরব যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ

২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনাকে ঘিরে ফের এক শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়ায়। মৃত শিক্ষিকার নাম ঈশিতা দাসমহাপাত্র। তিনি পুরুলিয়া-২ ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা ছিলেন।

পরিবারের দাবি, চাকরি বাতিলের পর থেকে তিনি চরম মানসিক অবসাদ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। গত ১৬ জুলাই রাতে তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করেন। পরদিন সকালে অসুস্থ অবস্থায় তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

শনিবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হাতোয়ারা পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের বক্তব্য, চাকরি বাতিলের রায়ের পর থেকেই ঈশিতা দাসমহাপাত্র মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বুধবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমোতে যান। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ কোনও সাড়া না পাওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ (JSSAM) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানসিক চাপের ফলে একের পর এক শিক্ষক-শিক্ষিকা চরম সংকটে পড়ছেন।

সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছে—২০১৬ সালের এসএলএসটি-র যোগ্য ও নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত পুনর্বহাল, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান, ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য মানসিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

উল্লেখ্য, পরিবারের বক্তব্যে মানসিক অবসাদের কথা বলা হলেও, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ।