বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
সকালের শুরুতেই বাঁকুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র চকবাজার পরিদর্শনে যান বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দীর্ঘদিন ধরে জীর্ণ ও অপরিকল্পিত অবস্থায় পড়ে থাকা চকবাজারের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বাজারের বিভিন্ন অংশ ঘুরে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে বিধায়ক জানান, চকবাজার শুধুমাত্র একটি বাজার নয়, এটি বাঁকুড়া শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। তাই এর পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। সামনে দুর্গাপুজো, ফলে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। সেই কারণে রাস্তার ধারে বেআইনি দখল, ফুটপাত দখল ও যানজটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং ব্যবসায়ীরাও যাতে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, বিগত তৃণমূল পরিচালিত পৌরসভার আমলে চকবাজারের সার্বিক উন্নয়নের দিকে তেমন নজর দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে বাজারের পরিকাঠামো সংস্কার, নিকাশি ব্যবস্থা, রাস্তা ও ফুটপাতের উন্নয়নের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই নতুন করে পরিকল্পনা করে আধুনিক ও সুসংগঠিত চকবাজার গড়ে তোলার দাবি তুলেছেন তাঁরা।
বর্তমান রাজ্যের পালাবদলের পর বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। বর্তমানে প্রশাসকের মাধ্যমে পৌরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে শহরের নাগরিক পরিষেবা কীভাবে আরও উন্নত করা যায় এবং বাজার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে দ্রুত বাস্তবায়িত করা যায়, তা নিয়েও প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা চলছে।
চকবাজার পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন, দখলমুক্ত ফুটপাত এবং আধুনিক বাজার গড়ে তোলার বার্তাই তুলে ধরলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এখন ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর, আগামী দিনে এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়।